সংবাদ রিপোর্ট: সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্কিং করে রাখা লাব্বায়েক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ২৭ নভেম্বর শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে সাভার থানাধীন জোরপুল এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে লাব্বায়েক পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৩-০৪৭৪) পার্কিং করা ছিল। এ সময় অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আগুনে বাসটির ভেতরের অংশ ও আসনগুলো পুড়ে গেছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।