সংবাদ রিপোর্ট: সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিমল রাজবংশী নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এসময় তাকে বাঁচাতে গেলে শিল্পী রানী ও সুশান্ত রাজবংশী নামে আরও দুজনকে মারধর করে আহত করে পালিয়ে যায় অভিযুক্তরা। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। ২৮ আগস্ট বৃহস্পতিবার বিকেলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ২৭ আগস্ট বুধবার রাতে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া বাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ জানায়, নিহত বিমল রাজবংশীর সঙ্গে প্রতিবেশী নারায়ণ রাজবংশীর তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নারায়ণ রাজবংশী ও তার সহযোগীরা মিলে বিমল রাজবংশীকে বেধড়ক পিটিয়ে হত্যা করে। এসময় শিল্পী রানী ও সুশান্ত রাজবংশী তাকে রক্ষা করতে গেলে তাদেরও মারধর করে আহত করে হামলাকারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। সাভার মডেল থানার (ওসি) জুয়েল মিয়া বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।”