সংবাদ রিপোর্ট: সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোবাইল পাওয়ার নামের একটি সার্ভিসিং দোকানের কর্মচারীসহ কয়েকজন সন্ত্রাসী এক যুবকের ওপর হামলা চালিয়েছে। এসময় দেশীয় অস্ত্র দিয়ে তার মাথা ফাটিয়ে ও হাতে ছুরিকাঘাত করা হয়। ২৬ অক্টোবর রবিবার রাত ৮টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার রাজ্জাক প্লাজায় এই হামলার ঘটনা ঘটে। আহত যুবকের নাম রাতুল (২০)। তিনি সাভার পৌরসভার আকরাইন এলাকার মৃত আক্কাস উদ্দিনের ছেলে। আহত রাতুল জানান, মার্কেটের সিঁড়ি দিয়ে নামার সময় তুচ্ছ বিষয় নিয়ে একজন কর্মচারীর সঙ্গে তার বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে কয়েকজন সন্ত্রাসী ওই কর্মচারীর ওপর হামলা চালায়। তখন তিনি প্রতিবাদ করলে সন্ত্রাসীরা তার মাথা ও হাতে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে মার্কেটের দোকানীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা বাইরে অবস্থান নেয় এবং দোকানিদের ভয়ভীতি প্রদর্শন করে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছালে তারা দ্রুত পালিয়ে যায়। রাজ্জাক প্লাজা দোকান মালিক কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ মিনহাজ বলেন, এভাবে যদি সন্ত্রাসীরা মার্কেটে ঢুকে তাণ্ডব চালায়, তাহলে ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে। আমরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চাই। এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল মিয়া বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।