সংবাদ রিপোর্ট: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে এ কর্মসূচির উদ্বোধন করেন। এর অংশ হিসেবে সাভারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। ১২ সেপ্টেম্বর শনিবার সকালে সাভার উপজেলা পরিষদ চত্বরে সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে এ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সাভার উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকায়ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। ডেঙ্গুর বিস্তার রোধ, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। এ সময় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম, স্কাউট, রেড ক্রিসেন্ট, গার্লস গাইড, সাভার উপজেলা প্রশাসন ও সাভার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অভিযানের অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস এবং পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকে নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।