সংবাদ রিপোর্ট: সাভার উপজেলাধীন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং ধর্মীয় ব্যক্তিবর্গের অংশগ্রহণে গণভোট–২০২৬ বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় সাভার উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন, সাভার, ঢাকা-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ঢাকা মো. রেজাউল করিম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মুহাম্মদ মোজাম্মেল হক। সভা সঞ্চালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন। সভায় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্থা বাস্তবায়ন আদেশ–২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্থা সম্পর্কিত প্রস্তাবসমূহ সম্পর্কে অংশগ্রহণকারীদের বিস্তারিতভাবে অবহিত করা হয়। একই সঙ্গে এসব প্রস্তাবের প্রতি সম্মতি (হ্যাঁ/না) প্রদানের জন্য অংশগ্রহণকারীদের আহ্বান জানানো হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুদ্দিন এবং সাভার মডেল থানার ওসি (অপারেশন) মো. হেলাল উদ্দিন। সভায় উপস্থাপিত প্রস্তাবসমূহ নিম্নরূপ—
(ক) নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই জাতীয় সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে।
(খ) আগামী জাতীয় সংসদ হবে দুই কক্ষবিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্যবিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন বাধ্যতামূলক হবে।
(গ) সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার ব্যবস্থা, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলে বর্ণিত মোট ৩০টি বিষয়ে জুলাই জাতীয় সনদে যে ঐকমত্য হয়েছে, তা বাস্তবায়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে। (ঘ) জুলাই জাতীয় সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।