সংবাদ রিপোর্ট: সাভারের নামাবাজার এলাকায় খোলা ও নিবন্ধনবিহীন বীজ নিজেদের নামে চড়াদামে বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২৫ আগস্ট মঙ্গলবার দুপুরে সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে নামাবাজার এলাকার বিভিন্ন বীজের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাজী সিড স্টোর ও তমা সিড কোম্পানি কে খোলা বীজ বিক্রির দায়ে বীজ আইন অনুযায়ী পৃথকভাবে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। একই সঙ্গে নিবন্ধনবিহীন বীজ নিজেদের প্রতিষ্ঠানের নামে বাজারজাত ও চড়াদামে বিক্রির বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা নামাবাজার এলাকার বিভিন্ন দোকান পরিদর্শন করেন এবং বীজ খোলা অবস্থায় বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেন। ভবিষ্যতে কেউ আইন অমান্য করে খোলা বা নিবন্ধনবিহীন বীজ বিক্রি করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়। অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খান। এ সময় ঢাকা জেলা বীজ প্রত্যয়ন অফিসার বীজ প্রত্যয়ন এজেন্সি তাহমিনা খাতুন, সাভার উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, কৃষকদের মানসম্মত ও নিবন্ধিত বীজ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।