সংবাদ রিপোর্ট: সাভারে প্রকাশ্যে ইয়াবা সেবনের অভিযোগে ৯ যুবককে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পুলিশ জানায়, সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় প্রকাশ্যে ইয়াবা সেবনের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৯ যুবককে আটক করা হয়। পরে ২৬ আগস্ট বুধবার দুপুরে আটককৃতদের সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতে শুনানি শেষে আটককৃতদের মধ্যে ৬ জনকে ৬ মাস করে এবং বাকি ৩ জনকে ৩ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়। সাজা ঘোষণার পর তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন শাহাদাত হোসেন সায়েম, সজল হোসেন মুন্না, ফজলে রাব্বি, মাসুদ হোসাইন, মিজান আহমেদ জয়, রাসেল মোল্লা, মেহেদী হাসান মুন্না, সালমানুর রহমান ও নয়ন।