সংবাদ রিপোর্ট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাভার পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ৭ ফেব্রুয়ারি শনিবার বিকেলে সাভার পৌরসভার উলাইল এলাকায় আল- মুসলিম গ্রুপের ১ নং গেটে ঢাকা-১৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাভার পৌর যুবদলের সাবেক সহ-সভাপতি ও পৌর বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনজুরুল ইসলামের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আল মুসলিম গ্রুপের শ্রমিক-কর্মচারী ও সাধারণ ভোটারদের হাতে লিফলেট তুলে দেন। গণসংযোগকালে মোঃ মনজুরুল ইসলাম ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি জনগণের দল এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে রাজপথে আপসহীন লড়াই চালিয়ে যাচ্ছে। লিফলেট বিতরণকালে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।