সংবাদ রিপোর্ট: ঢাকা-১৯ আসন, সাভারের সাবেক এমপি ও সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে পাঁচ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। ১১ অক্টোবর রবিবার আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত এ আদেশ দেন। এরআগে, পাঁচ মামলায় ডা. এনামুর রহমানকে জামিন দেন হাইকোর্ট। ওই জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আবেদনের শুনানি নিয়ে চেম্বার আদালত জামিন স্থগিতের আদেশ দেন। রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে ২০২৫ সালের ২৬ জানুয়ারি ডা. এনামুর রহমানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরদিন ২৭জানুয়ারি মিরপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে একই বছরের ১৮ ফেব্রুয়ারি সাভার থানায় দায়ের করা মো. হৃদয় হত্যা মামলায় তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। অন্যদিকে, আসামিপক্ষ রিমান্ড আবেদন নাকচ করে জামিনের আবেদন জানায়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরবর্তী সময়ে বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এসব মামলার মধ্যে পাঁচটিতে জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি। হাইকোর্ট তাকে জামিন দিলে ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ডা. এনামুর রহমান ঢাকা-১৯ (সাভার) আসন থেকে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৯ সালের জানুয়ারিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। এছাড়াও তিনি সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা।২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন ডা. এনামুর রহমান। তবে ওই সংসদ নির্বাচনে আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলামের কাছে পরাজিত হন তিনি।