সংবাদ রিপোর্ট: শ্রমিকদের বেতন বাড়ানোর সঙ্গে সঙ্গে শ্রমিক অধ্যুষিত এলাকায় বাড়িওয়ালারা যেন ঘরভাড়া বাড়াতে না পারেন, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। কেউ ঘরভাড়া বাড়ালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ২২ নভেম্বর, রবিবার বিকেলে সাভার পৌরসভায় চলমান শ্রমিক আন্দোলন নিরসনে গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে বেতন বাড়ানোর বিষয়ে সমঝোতা হচ্ছে। তাই কোনো বাড়িওয়ালা শ্রমিকদের ঘরভাড়া বাড়াতে পারবেন না। এ সময় তিনি আরও বলেন, গোপালগঞ্জে যারা নাশকতা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের নির্দেশে শ্রমিক অধ্যুষিত এলাকায় আন্দোলন হচ্ছে এমন ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে বলেও জানান তিনি। মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এবং সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম উপস্থিত ছিলেন।