সংবাদ রিপোর্ট: গত কোরবানির ঈদে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া বিরল অ্যালবিনো প্রজাতির মহিষটি এখন স্থান পেয়েছে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই)। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় রবিবার জাতীয় চিড়িয়াখানা থেকে আনুষ্ঠানিকভাবে মহিষটি বিএলআরআইয়ের কাছে হস্তান্তর করা হয়। এখন থেকে এটি প্রতিষ্ঠানটির তত্ত্বাবধানে থাকবে এবং এর ওপর গবেষণা পরিচালনা করা হবে। এ লক্ষ্যে বিএলআরআই কর্তৃপক্ষ ১৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে। মহিষ উৎপাদন ও গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গৌতম কুমার দেবকে কমিটির প্রধান করা হয়েছে। বর্তমানে মহিষটিকে ১৪ দিনের প্রাথমিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে এবং এর বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। ড. গৌতম কুমার দেব জানান, গবেষণার উদ্দেশ্যেই মহিষটি বিএলআরআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। বিরল ও আকর্ষণীয় বৈশিষ্ট্যের এই অ্যালবিনো মহিষের জাত উন্নয়ন এবং সম্ভাবনা নিয়ে মূলত গবেষণা করা হবে। তিনি আরও বলেন, মহিষটি বর্তমানে সুস্থ রয়েছে এবং এখন থেকে এটি বিএলআরআইতেই রাখা হবে। উল্লেখ্য, গত ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রির উদ্দেশ্যে মহিষটি আনা হয়েছিল। গোলাপি আভাযুক্ত গায়ের রঙের এই বিরল অ্যালবিনো ষাঁড় মহিষটি লালন-পালন করেছেন নারায়ণগঞ্জের রাবেয়া অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা। পরে রাজধানীর পুরান ঢাকার জিন্দাবাহার (জিঞ্জিরা) এলাকার বাসিন্দা মনিরুজ্জামান ৩ লাখ ৮৫ হাজার টাকায় মহিষটি কিনে নেন। বিরল রঙ ও গড়নের কারণে মহিষটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। শেষ পর্যন্ত ঈদের আগের দিন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের নির্দেশে মহিষটিকে সরকারের জিম্মায় নেওয়া হয় এবং মিরপুর জাতীয় চিড়িয়াখানায় সংরক্ষণ করা হয়। পরে সেখান থেকেই গবেষণার জন্য মহিষটি বিএলআরআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।