
সংবাদ রিপোর্ট: প্রতীক্ষার অবসান ঘটিয়ে সাভার পৌর ছাত্রদলের ১৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত, ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়েছে বলে দাবী করেছেন জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। প্রতীক্ষার অবসান ঘটিয়ে কমিটি ঘোষণা করায় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

গত ৫ জুন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি আরমান হোসেন বাবু, সাধারণ সম্পাদক মোশারফ হিমেল খান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে তাজ খান নাঈম দায়িত্ব পেয়েছেন। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তরুণ, মেধাবী ও সম্ভাবনাময় নেতাকর্মীদের স্থান দেওয়া হয়েছে।

নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন রাজপথে সক্রিয় ও রাজনৈতিকভাবে নির্যাতিত ত্যাগী কর্মীদের মূল্যায়নের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়েছে, যা মাঠপর্যায়ের কর্মীদের প্রত্যাশার প্রতিফলন। তারা আশা করছেন, নতুন নেতৃত্বের হাত ধরে সাভার পৌর ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং ছাত্র-অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে নেতাকর্মীরা ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের বিশ্বাস, এ কমিটি সাভার পৌর ছাত্রদলকে আরও সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও শক্তিশালী করে তুলবে।