সংবাদ রিপোর্ট: সাভার সরকারি কলেজের সদ্য নিয়োগপ্রাপ্ত উপাধ্যক্ষ ড. মো. আখতারুজ্জামানের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। তার বিরুদ্ধে দুর্নীতি, স্বৈরাচারী আচরণ, রাজনৈতিক পক্ষপাতিত্ব ও অর্থ আত্মসাতসহ একাধিক অভিযোগ তুলে পদত্যাগের দাবি জানান তারা। দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ২৯ জুলাই মঙ্গলবার সকাল থেকে কলেজ প্রাঙ্গণে ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীরা অভিযোগ করেন, উপাধ্যক্ষ ড. আখতারুজ্জামান একজন বিতর্কিত ও ফ্যাসিবাদী আচরণে অভ্যস্ত ব্যক্তি। তার পূর্বের কর্মকাণ্ড এবং বর্তমান অবস্থান শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি করেছে। এদিন বিক্ষোভরত শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষের কাছে একটি স্মারকলিপিও পেশ করেন। অধ্যক্ষ শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে আশ্বাস দেন, উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষার্থীরা জানান, তারা শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু ও নিরপেক্ষ প্রশাসন চান। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।