ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ে টানা চার রাতে চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় পরিবহন খাত, মালিক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সড়কে নাশকতা রোধ ও সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে ১১ নভেম্বর বুধবার পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন। ইউএনওর কার্যালয়ে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা খান, ধামরাই অঞ্চলের ট্রাফিক ইনচার্জ ফিরোজ প্রধান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মারুফ সিকদারসহ ডি লিংক ও জনসেবা পরিবহনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। সভায় পরিবহন মালিকদের উদ্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন বলেন, কোনো অবস্থাতেই সড়ক-মহাসড়কের পাশে বা অরক্ষিত ফাঁকা জায়গায় গাড়ি পার্কিং করে রাখা যাবে না। কেউ নির্জন স্থানে গাড়ি রেখে নির্দেশনা অমান্য করলে আইন অনুযায়ী সংশ্লিষ্ট পরিবহন তাৎক্ষণিকভাবে ডাম্পিং করা হবে। তিনি আরও বলেন, দেশের সম্পদ রক্ষা ও দুষ্কৃতকারীদের অপতৎপরতা রোধে রাতে নিজস্ব পাহারার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি উপজেলার গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ডগুলোতে পরিবহন মালিক ও শ্রমিকদের সমন্বয়ে দ্রুত নিরাপত্তা তদারকি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।