ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ে রোলার, মালবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। ১৯ অক্টোবর রবিবার রাত ৭টার দিকে ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের বাটুলিয়া চৌরাস্তা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. বিপ্লব হোসেন (২৫)। তিনি কুশুরা ইউনিয়নের বাউজা এলাকার বদরুদ্দীন মাস্টারের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, বিপ্লব হোসেন ধামরাই পৌর শহর থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে মহাসড়কে পৌঁছালে নির্মাণ কাজে ব্যবহৃত রোলার ও মালবাহী ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ ও ভাঙচুর চালিয়ে প্রতিবাদ জানায়। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, যে মারা গেছে সে আর ফিরে আসবে না। তাই মামলা করে কোনো লাভ নেই। আমরা সবাইকে ক্ষমা করে দিয়েছি। ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ সানা বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের পরিবার মামলা করতে রাজি না হওয়ায় লাশটি সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।