ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে এক পা বিচ্ছিন্ন অবস্থায় অজ্ঞাত (৩৫) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৫ ফেব্রুয়ারি শনিবার সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ডাউটিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে সাভার হাইওয়ে পুলিশ। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ। সাভার হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময় কোনো যানবাহনের ধাক্কায় ওই ব্যক্তি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর। সকালে স্থানীয় লোকজন রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরনে ছিল গেঞ্জি ও লুঙ্গি এবং তার একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন। এখনও নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।