ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ে মেসার্স আমেনা হিপ ব্রিকস ও মেসার্স সান ব্রিকস এবং "জিয়াংসু স্টোরেজ ব্যাটারি (বিডি) লিঃ" নামক ব্যাটারি রি-সাইক্লিং কারখানা বন্ধ করে দিয়েছে। এসময় অবৈধ দুই ইটভাটতে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ১৪ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবেশে অধিদপ্তরের উপপরিচালক মো. ইলিয়াস মাহমুদ স্বাক্ষরিত দুইটি পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এরআগে দুপুরে ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় দুই ইটভাটা ও বেলিশ্বর এলাকায় ব্যাটারি রি-সাইক্লিং কারখানায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি এর নেতৃত্বে এ অভিযান পরিচানা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, মেসার্স আমেনা হিপ ব্রিকস ও মেসার্স সান ব্রিকস অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করার জন্য ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। একই সাথে ওই দুই ইটভাটার সকল কার্যক্রম বন্ধ করা হয়েছে। এছাড়াও মেসার্স আমেনা হিপ ব্রিকস দুই লাখ ও মেসার্স সান ব্রিকসকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও ধামরাইয়ের বেলিশ্বর সাহাবেলিশ্বর এলাকায় অবস্থিত বায়ুদ‚ষণকারী "জিয়াংসু স্টোরেজ ব্যাটারি (বিডি) লিঃ" নামক ব্যাটারি রি-সাইক্লিং কারখানাটির সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় অভিযানে আরো উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জেসমিন আক্তার, পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ হাবিবুর রহমান এবং এস.এম মনজুর-উল-আলমসহ পুলিশ ও র্যাবের সদস্যরা।