ধামরাই প্রতিনিধি: ধামরাই থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে বাথুলি বাসস্ট্যান্ড এলাকার একটি কারখানার সামনে থেকে ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় একটি প্রাইভেটকারসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ৩ অক্টোবর শুক্রবার সকালে ধামরাই থানায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মিজানুর রহমান, হাফিজুর রহমান টুকু, ইমরান ব্যাপারী, ইলিয়াস কাজী ও মনির হোসেন। আসামিরা মূলত ঝালকাঠি, বরিশাল, ফরিদপুর ও ভোলার বাসিন্দা হলেও বর্তমানে ঢাকার বিভিন্ন এলাকায় অবস্থান করছিল। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরের দিকে ধামরাই বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় হেলদি আটা ময়দা সুজি কারখানার সামনে সহকারী পুলিশ পরিদর্শক এস এম কাউসার সুলতানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ডাকাত দলের ৫ সদস্যকে আটক করা হয়। এসময় হাতুড়ি, চাকু ও লোহার রডসহ প্রাইভেটকারে থাকা পাঁচজনকে আটক করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে ঢাকা-আরিচা মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও অপহরণ করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধে জড়িত। তাদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, উপজেলার বাথুলি এলাকায় হেলদি আটা ময়দা সুজি কারখানার সামনে থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আসামিদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।