সংবাদ রিপোর্ট : সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের সাতজন নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করেছে। এর মধ্যে ৫ জন নেতাকে দলীয় সকল কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। ২৭ এপ্রিল সোমবার দলের কেন্দ্রীয় দপ্তর সেল থেকে পাঠানো পৃথক দুটি চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
দলের কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত একটি চিঠিতে জানানো হয় যে, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে ঢাকা জেলা উত্তর আহবায়ক কমিটির ৫ জন নেতাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলেন: জুলকার নাঈন (যুগ্ম আহবায়ক), ইসরাফিল ইসলাম খোকন (যুগ্ম সদস্যসচিব), নাজমুল হক (সাংগঠনিক সম্পাদক), অ্যাডভোকেট শাওন (যুগ্ম সমন্বয়কারী, আশুলিয়া থানা এনসিপি) ও মো. আমানুল্লাহ শিব্বির (সদস্য, আশুলিয়া থানা এনসিপি)।
পৃথক আরেকটি চিঠিতে ঢাকা জেলা উত্তর আহবায়ক কমিটির আরও দুই গুরুত্বপূর্ণ নেতাকে শোকজ করা হয়েছে। তারা হলেন: আজহারুল ইসলাম তামিম (সাংগঠনিক সম্পাদক) ও মফিদুল ইসলাম (জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক)।
উভয় চিঠিতেই উল্লেখ করা হয়েছে যে, উক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপিত হয়েছে। দলীয় শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নোটিশপ্রাপ্ত ৭ জনকেই আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এই ব্যাখ্যা এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) জনাব সারজিস আলম বরাবর পেশ করতে বলা হয়েছে।