আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের মামলায় সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২১ আগস্ট বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান। এর আগে বুধবার রাত ১১টার দিকে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জুয়েল শিকদার (৩৩) আশুলিয়ার বাড়ইপাড়ার পূর্বপাড়া এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে। তিনি শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক ছিলেন। পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। এছাড়া আওয়ামী সরকার পতনের আগে তিনি যুবলীগের পদপ্রার্থী ছিলেন বলেও জানিয়েছে পুলিশ। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, “গ্রেপ্তারকৃত জুয়েল শিকদার ছাত্র-জনতা হতাহতের মামলার এজাহারভুক্ত আসামি। আজ তাকে আদালতে পাঠানো হবে।”