আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় অভিযান চালিয়ে যুবদল নেতা জাহাঙ্গীর আলম মন্ডলসহ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। অভিযানের সময় তাদের হেফাজত থেকে ককটেল সদৃশ বস্তু ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুবেল হাওলাদার। এর আগে ভোররাতে আশুলিয়ার বলিভদ্র তালপট্টি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন যুবদল নেতা জাহাঙ্গীর আলম মন্ডল (৪৬), স্বপন (৪৪) ও ফায়জুল (৪৭)। যৌথবাহিনীর সূত্র জানায়, অভিযান শেষে গ্রেপ্তারদের আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জাহাঙ্গীর আলম মন্ডলের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। ওসি মোঃ রুবেল হাওলাদার জানান, ককটেল সদৃশ বস্তু ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে যৌথবাহিনী। সংশ্লিষ্ট মামলায় আজ দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হবে।