প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১, ২০২৬, ২:১২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২৪, ১২:৩২ এ.এম
আশুলিয়ায় ফ্ল্যাটে ঘুমিয়ে থাকা যুবককে ছুরিকাঘাতে হত্যা
আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় একটি ফ্ল্যাটে ঘুমিয়ে থাকা যুবককে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এসময় আহত হয়েছেন আরও একজন। এ ঘটনায় অভিযুক্ত মতিন নামের এক ব্যক্তি পলাতক রয়েছেন। ১২ অক্টোবর শনিবার সকালে আশুলিয়ার উত্তর গাজীরচট এলাকার একটি ৫ তলা ভবনের ৩য় তলার একটি ফ্ল্যাট থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন। নিহত রাসেল (৩০) সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার গারামাসি এলাকার বাবুল সরকারের ছেলে। এ ঘটনায় আহত শহিদুল সম্পর্কে রাসেলের খালু। শহিদুল দীর্ঘদিন ধরে আশুলিয়ার উত্তর গাজীরচট এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় থাকছেন। পুলিশ ও নিহতের পরিবার জানায়, নিহত রাসেলের ছোট ভাই মাসুদ রানাকে সরকারি চাকরি দেওয়ার জন্য অভিযুক্ত মতিনকে ৯ লক্ষ টাকা দেওয়া হয়। কিন্তু মতিন চাকরির ব্যবস্থা না করে পলাতক থাকেন। সম্প্রতি উত্তরা থেকে মতিনকে খুঁজে পায় রাসেল। পরে খালু শহিদুলের বাসায় নিয়ে আসেন মতিনকে। সেখানে ৩দিন ধরে এক রুমে রাসেল ও মতিন বসবাস করছিলেন। মতিনের লোক টাকা নিয়ে আসবে বলে তারা অপেক্ষা করতে থাকেন। মতিন শনিবার সকালে ঘুমিয়ে থাকা রাসেলের মাথায় ধারালো চাকু দিয়ে আঘাত করলে রাসেল মারা যায়। রাসেলের খালু শহিদুল সকাল ৬টার দিকে রুমে ঢুকতে গেলে তাকেও আহত করে পালিয়ে যায় মতিন। আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত মতিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।