আশুলিয়া প্রতিনিধি: শিল্পাঞ্চল আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে একটি বাড়ি থেকে চাইনিজ কুড়াল, স্টান গান, ওয়াকি-টকি সেট, জাল টাকা এবং দেহ ব্যবসার আলামতও উদ্ধার করা হয়েছে। ২৯ আগস্ট শুক্রবার রাত ১০টার দিকে আশুলিয়ার জামগড়া মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। খুলনার রূপসা থানার বাগমারা এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে রবিউল মুন্সি (৩৩), টাঙ্গাইলের গোপালপুর থানার মধ্যপাড়া এলাকার আব্দুল শেখের ছেলে নাসির শেখ (২১), একই জেলার ঘাটাইল উপজেলার ওলিপুর এলাকার হোসেন শহীদের ছেলে মো. জনি, বগুড়ার ধনুট উপজেলার ঘোষাইবাড়ী এলাকার শ্রী মানিকের ছেলে শ্রী শভু কুমার। যৌথ বাহিনী জানায়, রাত ১০টার দিকে জামগড়া মোড়ে এক দম্পতিকে কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রথমে উত্যক্ত করে এবং পরে অপহরণ করে নিয়ে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জামগড়া আর্মি ক্যাম্পের সদস্যরা তাৎক্ষণিকভাবে যৌথ টহল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে জামগড়া চৌরাস্তা এলাকার শরীফ চৌধুরীর বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল, স্টান গান, ৪টি সুইস নাইফ, ৭টি মেছেটি, ওয়াকি-টকি সেট, জাল টাকা ও দেহ ব্যবসার আলামত উদ্ধার করা হয়। এসময় আরও একজনকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত আলামতসহ তাদের থানায় হস্তান্তর করা হয়। যৌথ বাহিনীর দাবি, দম্পতিকে সন্ত্রাসীরা ছেড়ে দিয়েছে, তবে এ বিষয়ে নিশ্চিত তথ্য এখনও পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে পুলিশ বিস্তারিত তদন্ত করছে।