
সংবাদ রিপোর্ট: সাভারে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে শিশুদের আইসক্রিম উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৩ সেপ্টেম্বর বুধবার বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের নাজিমনগর এলাকায় অবস্থিত ‘আইমান ফুড অ্যান্ড এগ্রো’ কারখানায় এ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবক্কর সরকার। তিনি জানান, প্রতিষ্ঠানটি কোনো অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করে আসছিল। মানহীন এসব আইসক্রিম খেয়ে শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ অসুস্থ হয়ে পড়ছে। এছাড়া প্রতিষ্ঠানটি লাভেলো ব্র্যান্ডের প্যাকেট ব্যবহার করে ভোক্তাদের সঙ্গে প্রতারণাও করছিল। অভিযানে কারখানার রক্ষণাবেক্ষণ দায়িত্বে থাকা হেলালকে এক বছরের এবং সহকারী ম্যানেজার নাঈমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
Leave a Reply