
সংবাদ রিপোর্ট : সাভারে দিনমজুর দম্পতির নবজাতক অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়েছে। দুইদিন পর গ্রেপ্তার হয়েছে অপহরণকারীকে। উদ্ধার হয়েছে নবজাতক। অপহরণকালীরা ছিলেন ওই দম্পতির পূর্ব পরিচিত। র্যাব-৪ এর অধিনায়ক ডিআইজি মো. মোজাম্মেল হক ৭ সেপ্টেম্বর বুধবার জানান, সাভারের বাসিন্দা শ্রমজীবি শামসুন্নাহার-মোহাম্মদ বাদল দম্পতির সংসারে ২ সেপ্টেম্বর একটি ফুটফুটে ছেলে সন্তানের জন্ম হয়। হাসপাতাল থেকে ছাড়পত্র দিলে তারা নবজাতককে নিয়ে নিজেদের সাভার রাজ ফুলবাড়িয়া রাজাঘাট এলাকার ভাড়া বাসায় চলে যান। ৫ সেপ্টেম্বর দুপুরে ওই দম্পতির পূর্ব পরিচিত শাহিদা বেগম (২৬) ও সোহেল রানা দম্পতি তাদের বাসায় নবজাতকটি দেখতে যান। মা শামসুন্নাহার নবজাতকটিকে শাহিদার কোলে দিয়ে অতিথি আপ্যায়নের জন্য রান্নাঘরে যান। এ সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী শাহিদা ও সোহেল রানা চারদিনের নবজাতক চুরি করে দ্রুত পালিয়ে যান। ভিকটিমের মা রান্নাঘর থেকে এসে তাদের দেখতে না পেয়ে তার স্বামীকে খবর দেন। পরে তারা বিভিন্ন এলাকায় ওই দম্পতির খোঁজ করেন। একপর্যায়ে সোহেল রানা ভিকটিম নবজাতকের মা শামসুন্নাহারকে জানায়, নবজাতকটি তার স্ত্রী শাহিদার হেফাজতে সিরাজগঞ্জে আছে এবং শিশুটিকে ফেরত পেতে হলে তাদেরকে নগদ ৮০ হাজার টাকা মুক্তিপণ দিতে হবে। অসহায় হয়ে কোথাও ভরসা না পেয়ে দিনমজুর শামসুন্নাহার ও বাদল দম্পতি র্যাব-৪ এ অভিযোগ করেন। পরে র্যাব সিরাজগঞ্জ থেকে নবজাতকটিকে উদ্ধারসহ শাহিদাকে গ্রেপ্তার করে। র্যাবের ওই কর্মকর্তা আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহিদা মোটা অংকের মুক্তিপণের জন্য নবজাতকটিকে অপহরণ করেছেন বলে স্বীকার করেছেন। সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, বুধবার সকালে আসামিকে সাভার মডেল থানায় হস্তান্তর করেছে র্যাব। মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply