
সংবাদ রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকা-এর ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয় ২২ জানুয়ারি বৃহস্পতিবার ও শেষ হয় ২৩ জানুয়ারি শুক্রবার দুপুরে। প্রশিক্ষণ কর্মসূচিতে নির্বাচন পরিচালনার বিভিন্ন দিক, ভোটগ্রহণ প্রক্রিয়া, আইনশৃঙ্খলা রক্ষা, দায়িত্ব পালনের ক্ষেত্রে করণীয় ও আচরণবিধি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। প্রশিক্ষণের মাধ্যমে ভোটগ্রহণ কর্মকর্তাদের পেশাদারিত্ব ও দক্ষতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ আব্দুর রাফিউল আলম, পুলিশ সুপার ঢাকা মোঃ মিজানুর রহমান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ঢাকা মো: রেজাউল করিম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুদ্দিন, সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন এবং সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী। বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ভোটগ্রহণ কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা আরও সচেতন ও আত্মবিশ্বাসী হয়ে দায়িত্ব পালন করতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের ভোটগ্রহণ কর্মকর্তারা অংশগ্রহণ করছেন।
Leave a Reply