
সংবাদ রিপোর্ট: আশুলিয়ায় একটি তৈরী পোশাক কারখানায় ওয়েস্টেজ মালের (ঝুট) ব্যবসা দখল, চাঁদা দাবি এবং ঝুট ছিনতাইয়ের চেষ্টা করেছে সন্ত্রাসীরা। এসময় প্রতিপক্ষের লোকজন বাঁদা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। ১৩ ফেব্রুয়ারি রবিবার বিকেলে আশুলিয়া ইউনিয়নের বাসাইদ এলাকার ফেব্রিকা নীট কম্পোজিট লিমিটেড কারখানার সামনে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, আশুলিয়ার বাসাইদ এলাকার নাজিমুদ্দিন, জশিম, আওলাদ এবং রনিত।
থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, আশুলিয়ার বাসাইদ এলাকার ফেব্রিকা নীট কম্পোজিট লিমিটেড কারখানায় দীর্ঘদিন ধরে মালিক পক্ষের সাথে চুক্তি করে ঝুটের ব্যবসা করে আসছে সালমা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মোসাঃ সালমা আক্তার এবং তিথী এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মনিরুজ্জামান টিপু। বেশকিছুদিন ধরে স্থানীয় আসাদ ও বাহিনীর সদস্যরা ফেব্রিকা নীট কম্পোজিট লিমিটেড কারখানার ঝুট ব্যবসা দখলের হুমকি দিয়ে সালমা আক্তার ও মনিরুজ্জামান টিপুর কাছে চাঁদা দাবি করে আসছিলো। কিন্তু তাদের দাবিকৃত চাঁদা না দেয়ায় রবিবার বিকেলে সন্ত্রাসীরা কারখানার সামনে অবস্থান নেয়। এসময় সালমা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মোসাঃ সালমা আক্তার এবং তিথী এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মনিরুজ্জামান টিপু কারখানা থেকে ওয়েস্টেজ মাল (ঝুট) বের করতে গেলে আসাদ আবারও চাঁদা দাবি করে তাদের বাঁধা প্রদান করে। একপর্যায়ে ইউপি নির্বাচনে হেরে যাওয়া স্বতন্ত্র প্রার্থী রাজু আহমেদও সেখানে অস্ত্র-সস্ত্র ও লোকজন নিয়ে আসাদের পক্ষে অবস্থান নেয়। পরে উভয় পক্ষের মধ্যে বাক-বিতন্ডা এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় বিষয়টি থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌছে চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করে এবং বাকীরা পালিয়ে গেলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।
সালমা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী সালমা আক্তার বলেন, আমরা বৈধভাবে চুক্তি করে কারখানার সাথে ব্যবসা করছি। আসাদ ও রাজু আমাদের কাছে চাঁদা দাবি করে এবং না দেয়ায় আমাদের মাল বের করতে বাঁধা প্রদান করে। এ ঘটনায় আমরা আইনের সহায়তা চাইলে পুলিশ এসে আমাদেরকে উদ্ধার করে।
জানতে চাইলে ফেব্রিকা নীট কম্পোজিট লিমিটেড কারখানার সিনিয়র ম্যানেজার (এইচ আর এন্ড কমপ্লায়েন্স) নাসিরুল গনি সৈকত বলেন, মোসাঃ সালমা আক্তার এবং মনিরুজ্জামান টিপু আমাদের সাথে চুক্তি অনুযায়ী দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে। তাদের চুক্তির আরও দুই বছর মেয়াদ রয়েছে। এছাড়া হামলা ও চাঁদা দাবির বিষয়টি কারখানার বাহিরে ঘটেছে বিধায় এ নিয়ে আমাদের কিছু করনীয় নেই।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুদিপ কুমার গোপ বলেন, কারখানা ওয়েস্টেজ মালামাল (ঝুট) নেয়ার সময় বাঁধা প্রদান এবং চাঁদা দাবিসহ হামলার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া ঘটনার সাথে জড়িত বাকীদেরও গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
Leave a Reply